**গাজীপুর প্রতিনিধি**
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ভূমি অফিসের এক সহকারীর বিরুদ্ধে সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ উঠেছে। যা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে বিষয়টি দীর্ঘদিন ধরে জেনেও অডিট টিমের নিরবতা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে।
সরজমিনে জানা গেছে, কাপাসিয়া উপজেলার আড়াল মৌজার জোত নং ৬৯৬, আরএস দাগ নং ৯৬৪-এর ১.৪৫ একর জমি সরকারি "ক" গেজেটভুক্ত। গেজেট নং ১৬৭৯৩ এবং ক্রমিক নং ১৮৮ অনুযায়ী এই জমি নামজারী ও সীমানা নির্ধার ব্যতিত খারিজ করার সুযোগ নেই। কিন্তু অভিযোগ উঠেছে, শ্রীপুরের রাজাবাড়ী ভূমি অফিসে কর্মরত আনোয়ার নামের এক সহকারী (পদে অফিস সহায়ক) এই জমির খাজনা কাটার অনুমোদন দিয়েছেন পরপর সাতটি দাখিলায়। যা এক লাখ টাকার বেশি চুক্তিভুক্ত বলে জানা গেছে।
অভিযোগকারী আরও জানান, আনোয়ার মাত্র অষ্টম শ্রেণী পাস করে চাকরিতে প্রবেশ করলেও পরবর্তীতে এসএসসি ও এইচএসসি ডিগ্রি অর্জনের অনুমতি ও সার্ভিস বুক এন্ট্রি না থাকার বিষয়টি রহস্যজনক। অথচ সরকারি বিধি অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনের ক্ষেত্রে সার্ভিস বুক এন্ট্রি বাধ্যতামূলক।
ঘটনাটি ২০২৪ সাল থেকে গাজীপুরের অডিট টিমের সুপার সাইফুল এর নজরে থাকলেও তিনি নাকি নিরবতা পালন করে আসছেন। এলাকাবাসীর দাবি, "বানরের সাথে তুলনা করা ঐ ব্যক্তি ও তার সহযোগীদের বিচার না হলে সরকারি জমির এ ধরণের অনিয়ম বন্ধ হবে না।"
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটা গুরুতর অনিয়ম এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী ও সুশীল সমাজের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের নিরবতার কারণ উদঘাটনের দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত