আহমদ হুসাইন লস্কর,হাইলাকান্দি,আসাম :
মাতৃভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ শিলচর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে এআইডিএসও'র -এর কাছাড় জেলা কমিটি। সংগঠনের ছাত্র-ছাত্রীরা আজ বিভিন্ন বিদ্যালয় যথাক্রমে ছোটলাল শেঠ গার্লস হাই স্কুল, পাব্লিক স্কুল হায়ার সেকেণ্ডারি স্কুল, নেতাজী গার্লস হায়ার সেকেণ্ডারি স্কুল, মনমোহন গার্লস হাই স্কুল, নিরজ্ঞন পাল ইন্সটিটিউট
প্রাঙ্গণে 'বর্ণমালার কান্না' নামক একটি শিক্ষামূলক ও সচেতনতামূলক পথনাটক পরিবেশন করেন। বর্তমান সময়ে সরকারি স্তরে মাতৃভাষা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ করে দেওয়ার যে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই পথনাটকের মাধ্যমে তার ফলে সৃষ্ট ভয়াবহ সমস্যা ও ছাত্রসমাজের ভবিষ্যৎ সংকটের চিত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। নাটকটির মূল বার্তা ছিল— মাতৃভাষায় শিক্ষা অর্জনের অধিকার কেড়ে নেওয়া মানে একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া।আজকের এই পথনাটক পরিবেশনকালে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "মাতৃভাষা আন্দোলনের শহীদেরা যে ভাষার মর্যাদার জন্য রক্ত দিয়েছিলেন, আজ বাণিজ্যিকীকরণ ও সরকারি উদাসীনতার কারণে সেই মাতৃভাষা মাধ্যমই বিপন্ন। সরকারি মাতৃভাষা মাধ্যমের স্কুলগুলো বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।" পথনাটকটি উপস্থিত সাধারণ শিক্ষার্থী এবং পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। সংগঠনের পক্ষ থেকে আগামীকাল শহীদ স্মরণে সারা দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত