মোঃ ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার
বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ী বাজার চৌরাস্তা সংলগ্ন ৭ নম্বর সরিষামুড়ি ব্রিজ ও এর আশপাশের এলাকা এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই সন্ধ্যার পর ওই ব্রিজের ওপরে এবং আশপাশের নির্জন স্থানে খোলা খুলিভাবে বসছে ইয়াবার বড় হাট।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামলেই এলাকাটিতে অর্ধশতাধিক তরুণের আনাগোনা বেড়ে যায়। পানির দরে মেলা এই মাদক লেনদেনে জড়িত থাকে একদল চিহ্নিত মাদক কারবারি। প্রতিদিন সেখানে ১৫০ থেকে ২০০ পিসেরও বেশি ইয়াবা হাতবদল হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাতের নাগালে ও স্বল্পমূল্যে মাদক পাওয়ায় এলাকার অপ্রাপ্তবয়স্ক কিশোর ও উদীয়মান যুবসমাজ আশঙ্কাজনকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে।
উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী:
স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, প্রতিদিন সন্ধ্যার পর এই মাদক কেনাবেচার কারণে এলাকার স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। চুরি-ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কায় রাতের বেলা সাধারণ মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের চোখের সামনে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এখনই যদি এই মাদকের হাট বন্ধ করা না হয়, তবে আমাদের সন্তানদের
বাঁচানো সম্ভব হবে না।"
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ:এলাকাবাসীর জোর দাবি—বরগুনা জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং বেতাগী থানা পুলিশ যেন অবিলম্বে এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। কেবল খুচরা কারবারি নয়, মূল মাদক ডিলারকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত