নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। উপজেলার শাহ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহ নগর এলাকার চিহ্নিত মাদক কারবারি পরিবারের সদস্য মেহেদী হাসান সুমনের মা ও বোন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সুমনের স্ত্রী এই অবৈধ কারবারে বাধা দিলে তাঁর ওপর ক্ষিপ্ত হন পরিবারের সদস্যরা। একপর্যায়ে শাশুড়ি ও ননদ মিলে ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।
এদিকে এলাকায় মাদক কারবারিদের এমন বেপরোয়া আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবালের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এলাকায় মাদকের বিস্তার ঘটছে। আর্থিক সুবিধার বিনিময়ে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন না বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর আরও দাবি, বর্তমান ওসির দায়িত্ব পালনকালে শাজাহানপুর উপজেলায় মাদক কারবারির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যাও, যা স্থানীয় সামাজিক ও পারিবারিক শৃঙ্খলাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। স্থানীয়রা অবিলম্বে মাদক নির্মূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত