এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফল উপজেলার তেরোং নওমালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
সোমবার (৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। জানা যায়, বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পানি এলাকার অভ্যন্তরে প্রবেশ করে জনজীবন, কৃষি ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নানা সমস্যার সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ এ বেড়িবাঁধ নির্মাণের দাবি ছিল। এলাকাবাসীর প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ নির্মাণকাজ শুরু হয়েছে।
উদ্বোধনকালে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী বাউফলের উন্নয়নের কাজ অব্যাহত রাখব। যেখানে যতটুকু প্রয়োজন, সরকারের কাছে দাবি ও যোগাযোগ করে উন্নয়নের জন্য যতটুকু সম্ভব বরাদ্দ আনার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং সরকারের পরিকল্পনার ওপর ভিত্তি করেই বিভিন্ন উন্নয়নকাজ এগিয়ে যাচ্ছে। তবে বাউফলের জন্য যতটুকু উন্নয়ন বরাদ্দ পাওয়া যাবে, তার সর্বোচ্চ সুফল যেন বাউফলবাসী পায়, সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বেড়িবাঁধ নির্মাণকাজ বাস্তবায়নের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ উন্নয়নকাজের জন্য বরাদ্দ নিশ্চিত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের মানুষের প্রয়োজনকে সামনে রেখে আমি আমার সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। যেখানে যতটুকু প্রয়োজন, সরকারের কাছে চেয়ে তা পাওয়ার জন্য চেষ্টা করছি। বাউফলের উন্নয়নে যে সুযোগ ও বরাদ্দ আমরা পাব, তার সর্বোচ্চ অংশ বাউফলবাসীর কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করব।”
উদ্বোধনকালে পানি উন্নয়ন বোর্ড, পটুয়াখালীর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী, আদাবাড়িয়ার কৃতী ছাত্র ও সাবেক ছাত্রনেতা মো: কবির হোসেন, নওমালা ইউনিয়ন আমির মাওলানা মকবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন এবং বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। স্থানীয়রা দীর্ঘদিনের প্রয়োজনীয় এ বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত