মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : -
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে ১১ লাখ ৯২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে এসব চেক দেওয়া হয়।
খুলনা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।
প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। এ জন্য আমরা আপনাদের কাছে চিরঋণী। সেই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রীও সব সময় আপনাদের পাশে আছেন।’
প্রধান বক্তা এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, ‘আমাদের কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। এ ধারণা মুছে ফেলতে হবে। আমরা একে অপরের ভাই, বোন ও বন্ধু। আমরা সবাই বাংলাদেশি। ঐক্যবদ্ধভাবে যার যার ধর্মীয় উৎসব উদ্যাপন করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা করবেন।’
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে ১৫১টি পূজামণ্ডপে প্রতিটিতে সাত হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে ২৭টি পূজামণ্ডপে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ১১ লাখ ৯২ হাজার টাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং পুলিশের ওসি (অপারেশন) জুলফিকার আলী, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর দে এবং পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডলসহ স্থানীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত