বরগুনা প্রতিনিধি :
বরগুনার আমতলীতে ছাগল চুরির মামলা করায় বাদীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পাশা মোল্লা (৫৫) ওই গ্রামের কাশেম মোল্লা বাড়ির উত্তর-পূর্ব পাশের বাসিন্দা। প্রতিদিনের মতো নিজের গোয়াল ঘরে মহিষকে খাবার দিতে গেলে একই এলাকার ৪ যুবক তার ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এতে পাশা মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল হাসান চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে অভিযুক্তরা পিকনিক করার জন্য পাশা মোল্লার কাছে ৩ হাজার টাকা চাদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ছাগল চুরি করে নিয়ে গিয়ে পিকনিক করার হুমকি দেন। এর দুই দিন পরে ১৬ অক্টোবর গোয়াল ঘর থেকে ছাগল চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ৪ জনকে আসামি করে পাশা মোল্লা ১৭ অক্টোবর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরি ও হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলা করার জেরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগীর দাবি।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, চুরির ঘটনায় তাদের নিজেদের মধ্যে মীমাংসার কথা শুনেছি। আজ যদি কোনো মারধরের ঘটনা ঘটে থাকে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত