মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, পাইকগাছার শরিফা নামের এক তরুণীর বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের উদ্যোগ নেন সাংবাদিক জিয়াউদ্দীন নায়েব। বিষয়টি শরিফা খুলনায় অবস্থানরত শিমুল নামের এক ব্যক্তিকে জানান। পরে গত সোমবার (৯ নভেম্বর) বেলা দুইটার দিকে ০১৭১৮৪৪৪৬৭২ নম্বর থেকে জিয়াউদ্দীন নায়েবের ব্যবহৃত ০১৪০০৭৫৫৭৪৪ নম্বরে ফোন করা হয়।
ফোনে ওই ব্যক্তি শরিফাকে চেনেন কি না, তা জানতে চান। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির মনিরের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দেন। এ সময় জিয়াউদ্দীন নায়েব শরিফা-সংক্রান্ত একটি ঘটনার কথা উল্লেখ করলে ওই ব্যক্তি তাঁকে মামলার ভয় দেখান। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ৯ নভেম্বর ২০২৬ তারিখে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক জিয়াউদ্দীন নায়েব। জিডি নম্বর ৪৪৫।
এদিকে একজন সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিদাতাকে শনাক্ত এবং তাঁকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত