এম জাফরান হারুন::
পটুয়াখালী জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পদধারী অন্তত আট থেকে নয়জন নেতার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে শহরের বিভিন্ন এলাকায় একযোগে এসব হামলার ঘটনা ঘটে।
ঘটনার তথ্যমতে, হামলা ও ক্ষয়ক্ষতি হওয়া নেতাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নানের পুরান বাজার এলাকার বাসভবনে ভাঙচুর চালানো হয়। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শাজাহান মিয়ার বাসভবনেও ভাঙচুরের ঘটনা ঘটে। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়ার শিয়ালী এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার সিপাই তার বাসভবনেও ভাঙচুর করা হয়েছে এবং নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের বাসভবন সদর উপজেলা জৈনকাঠী ইউনিয়নের বাড়ী অনুরূপেও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রগুলো জানায়, বর্তমানে আত্মগোপনে বা পলাতক থাকা দলটির পদধারী প্রায় আট থেকে নয়জন নেতার বাড়িতে এই তাণ্ডব চালানো হয়েছে বলে জানান। তবে রাতের আঁধারে সংঘটিত এই সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আকস্মিক এই হামলার ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এ ঘটনার দায়ভার কে নেবে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি টিম পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ সবুজ বাগ ৪ নং ওয়ার্ডে কাজী আলঙ্গীর এর বাসায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি সদর উপজেলা বদরপুর ইউনিয়নে শিয়ালী জেলা পরিষদের চেয়ারম্যান মোহন মিয়ার বাসা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান (মনির) নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কারা এর নেপথ্যে জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে একইদিন রাতে বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক মীরা (৫০) এর ওপর হামলা চালিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়। এবং আওয়ামী লীগ নেতা নসু খান (৬৭) এর হাত ও পায়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বগা বাজারে মালেক মীরার নিজ বাসায় প্রবেশ করে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। অন্যদিকে তুলাতলা বাজারে নসু খানের ওপর হামলা করা হয়। দুটি হামলায় যুবদল নেতা মাসুদ ও সালামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অংশ নেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার পর আহতদের ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, 'এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' তবে হামলার ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত