মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনার বামনা আর ভাঙনের আতঙ্কে থাকবে না — অন্তত কাগজে-কলমে এমন আশার খবরই এলো ঢাকা থেকে।
বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহরকে বাঁচাতে, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটকে টিকিয়ে রাখতে এবং দুটি পোল্ডারের ভেতরে পানির স্থায়ী ব্যবস্থা করতে নতুন করে সাজানো প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা এর দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ (১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে পাঠানো প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের হিসাব অনুযায়ী, এই কাজে খরচ ধরা হয়েছে ১৩১ কোটি ১৩ লাখ টাকা। সব ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩১ সালের মার্চ পর্যন্ত চলবে এই প্রকল্প।
বামনার মানুষের কাছে বিশখালী নদী একদিকে জীবিকা, আরেকদিকে আতঙ্ক। প্রতিবছর ভাঙনে জমি যায়, ঘর যায়, লঞ্চঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আবার পোল্ডারের ভেতরে পানি জমে ফসল নষ্ট হয়।
এই প্রকল্পে একসঙ্গে তিনটা কাজের কথা বলা হয়েছে —
১. বামনা শহরকে ভাঙন থেকে রক্ষা।
২. রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষা।
৩. পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১ডি এর ভেতরে টেকসই পানি ব্যবস্থাপনা।
এর ঠিক আগের দিন, ১৫ নভেম্বর সংসদ ভবনে বরিশাল বিভাগের এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চীফ হুইপ নূরুল ইসলাম মনি স্পষ্ট করে বলেছিলেন — উপকূলের জন্য প্রকল্প করতে হবে উপকূলকে বুঝে। শুধু টাকা খরচ করলেই হবে না, কাজের মান ঠিক রাখতে হবে, অপচয় বন্ধ করতে হবে।
তিনি বামনা, বেতাগী, পাথরঘাটার নদীভাঙন, জলাবদ্ধতা আর দুর্যোগের কথা বিশেষভাবে তুলে ধরেন।
স্থানীয়দের মতে, চীফ হুইপের এই বক্তব্যের পর বামনার এই ডিপিপি জমা পড়াটা শুধু কাকতালীয় নয়, এটা উপকূলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।
এখন মন্ত্রণালয়ের যাচাই কমিটি এই ডিপিপি পরীক্ষা করে দেখবে। অনুমোদন পেলেই শুরু হবে মাঠের কাজ।
তবে বামনার মানুষের একটাই কথা — “কাগজে আর না, এবার মাটিতে কাজ দেখতে চাই।”
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত