পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও তিনজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।শনিবার (২১ নভেম্বর) রাতে পোরশা উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন, সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিজিবির কাছে তথ্য আসে।পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে পাঁচজনকে শূন্যরেখার দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা শরিফুল ইসলাম ও নাজমুল হোসেনকে আটক করতে সক্ষম হন। বাকি তিনজন পালিয়ে যান।বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পলাতক তিনজনের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা হলেন, পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।এজাহার সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। বিজিবির দাবি, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।এ ঘটনায় আটক দুইজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বিজিবি আরও জানায়, আটকের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে নাজমুল হোসেন মাটিতে পড়ে বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আঘাত পান। পরে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত