বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রুবেল খান নামে এক পৌর উপ-সহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তাঁর পকেট থেকে উদ্ধার করা এক লাখ টাকা ঠিকাদারের অভিযোগে সংরক্ষিত ঘুষের টাকার নম্বরের সঙ্গে মিলে যাওয়ায় তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাপস বিশ্বাস।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী পৌর শহরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের (সাজেকা) একটি দল। আটক রুবেল খান আমতলী পৌরসভার উপ+সহকারী প্রকৌশলী পদে কর্মরত।
দুদক সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত সেন্ট্রাল লেকের সৌন্দর্যবর্ধন কাজের বিল ছাড় করানোর জন্য ঠিকাদারের কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন উপসহকারী প্রকৌশলী রুবেল খান। দাবিকৃত টাকা না দিলে বিল আটকে রাখা এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ এনে গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন সংশ্লিষ্ট ঠিকাদার। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক ঘুষের টাকার নম্বর সংরক্ষণ করে। পরে ঠিকাদারকে ওই টাকা রুবেল খানের কাছে পৌঁছে দিতে বলা হয়। সোমবার দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাঁর পকেট থেকে এক লাখ টাকা উদ্ধার করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগে থেকে সংরক্ষিত নম্বর। দেখা হয়। এতে নম্বরের মিল পাওয়ায় তাঁকে আটক করা হয়।
পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের (সাজেকা) উপ-পরিচালক তাপস বিশ্বাস কালবেলাকে বলেন, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এবং উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে সংরক্ষিত নম্বরের মিল পাওয়ায় আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে আটক করা হয়েছে। পরে তাঁকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত