
এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে গাছের ডাল মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি বাউফল পৌর বিএনপির সদস্য ছিলেন।
নিহতের ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ‘আমাদের বাড়ির কয়েকটি গাছ কালাইয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। বুধবার দুপুরে সেই গাছের ডাল কাটতে গাছে উঠেন এক কাঠুরিয়া। আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচ নামানোর চেষ্টা করেন। এ সময় গাছের কাছে দাঁড়িয়ে ছিলেন আমার বাবা । ডালটি তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।’
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির একজন সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পৌর বিএনপি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আমরা একজন সহকর্মীকে হারালাম।’
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।