
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁর পোরশা উপজেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’। একই সঙ্গে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের সুযোগও রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে। নিতপুর ইউনিয়নের উপজেলা সদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় প্রতিষ্ঠিত এ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, পোরশা উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্রের স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে ভূমি সংক্রান্ত অধিকাংশ সেবা ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে। ফলে সাধারণ মানুষের জন্য ভূমি সেবার প্রক্রিয়া আগের তুলনায় সহজ ও দ্রুততর হয়েছে। তবে সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সেবা গ্রহীতাদের সচেতন থাকা অত্যন্ত জরুরি। ইউএনও বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে এবং সরকারি নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিশেষ করে ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নামজারি, জমির তথ্য যাচাই সহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে সঠিক তথ্য জানা ও যাচাই করা গুরুত্বপূর্ণ। তিনি সাধারণ মানুষকে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের ওপর নির্ভর না করে যথাযথ নিয়মে সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ডিজিটাল সেবার সুযোগ কাজে লাগিয়ে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি হয়রানি ও ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সেবা সহায়তা কেন্দ্র গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব প্রতিষ্ঠানের সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, সঠিক তথ্য ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।বিশেষ অতিথির বক্তব্যে পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস ভূমি সেবা গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ভূমি সংক্রান্ত কোনো সেবা গ্রহণের সময় সেবা গ্রহীতাদের নিজেদের জমির কাগজপত্র ও তথ্য সঠিকভাবে যাচাই করে রাখা উচিত। মালিকানা, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর-সহ বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য যাচাই করে সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্রের’ স্বত্বাধিকারী মোঃ সোহেল রানাকে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। সাধারণ মানুষ যাতে সঠিক তথ্য ও সরকারি নিয়ম অনুযায়ী ভূমি ও ডিজিটাল সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল ভাবে কাজ করার আহ্বান জানান। সহকারী কমিশনার (ভূমি) বলেন, একজন সেবা গ্রহীতার জন্য সঠিক তথ্য ও স্বচ্ছ সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনোভাবেই মানুষকে বিভ্রান্ত করা যাবে না এবং সরকারি নিয়মের বাইরে কোনো সেবা দেওয়ার চেষ্টা করা উচিত নয়। ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্রের’ অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো এসএসসি পাস শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, বর্তমান যুগ তথ্য প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের কম্পিউটার ও প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে শিক্ষা, চাকরি, ব্যবসা ও বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারবে। তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় এগিয়ে নিতে কম্পিউটার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রতিষ্ঠানটির মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি ও বিভিন্ন ডিজিটাল সেবা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’ থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন অনলাইন সেবা, আবেদন প্রক্রিয়ায় সহায়তা, প্রিন্ট, স্ক্যান সহ বিভিন্ন কম্পিউটার ভিত্তিক সেবা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। এর ফলে নিতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার সাধারণ মানুষকে দূরে না গিয়ে স্থানীয় পর্যায়েই বিভিন্ন ডিজিটাল ও ভূমিসংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ নতুন এ উদ্যোগকে স্বাগত জানান। 
তারা বলেন, প্রতিষ্ঠানটি সঠিক নিয়ম ও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হলে ভূমি ও ডিজিটাল সেবা গ্রহণে এলাকার মানুষের সময়, অর্থ ও ভোগান্তি অনেকটাই কমবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সেবার গুরুত্ব দিন দিন বাড়ছে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ডিজিটাল সেবা নিশ্চিত করা গেলে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণে মানুষের ভোগান্তি কমানো সম্ভব। তবে সেবা প্রদানের ক্ষেত্রে সঠিক তথ্য, স্বচ্ছতা, নির্ধারিত নিয়ম এবং সেবা গ্রহীতার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর বক্তারা জোর দেন। অনুষ্ঠানে পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।