
রোজিনা খাতুন,গাজীপুর:
গাজীপুর সংবাদপত্র পরিষদের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ‘দৈনিক গণমুখ’ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন সভাপতি এবং ‘দৈনিক বাংলাভূমি’ সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের হাবিবুল্লাহ সরণিস্থ দৈনিক বাংলাভূমির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আমজাদ হোসেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. জানে এ আলম (দৈনিক কণ্ঠবাণী), কোষাধ্যক্ষ মো. ইউনুস আলী (মাসিক সংবাদ আলোচনা) এবং কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্তবলাকা)।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ পরিষদ গাজীপুরের স্থানীয় সংবাদপত্রগুলোর পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।