1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা)

কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

এম জাফরান হারুন::

শীতের আগমনী বার্তা আর আমন ধান ঘরে তোলার আনন্দে গ্রামবাংলায় একসময় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত। নতুন ধান ঘরে ওঠাকে কেন্দ্র করে অগ্রহায়ণ মাসজুড়ে চলত নবান্ন উৎসব। নাচ-গান, খেলা-ধুলা, পিঠা-পুলি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবে মেতে উঠতেন কৃষকসহ গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ। তবে কালের বিবর্তনে বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী এ শস্যোৎসব এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীর গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলা ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উঠোনে সারা বাংলা কৃষক সোসাইটির (এসবিকেএস) উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এতে মুগডাল, বাদাম, তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ জন কৃষক-কৃষাণি অংশ নেন। উৎসব উপলক্ষে সংগঠনের সদস্য ও স্থানীয় কৃষকেরা নতুন পোশাক পরে নবান্ন উৎসবের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র‍্যালি বের করেন। পরে আলোচনা সভা, খেলা-ধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা-পুলির আয়োজন করা হয়।

উৎসবে সাতটি স্টলে প্রদর্শন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা খাবার ও কৃষিপণ্য। এর মধ্যে ছিল নকশি পিঠা, পুলি, নাড়ু, বাদাম, চালভাজা, নারকেল, ভাপা পিঠা, মলিদা, খই, মুড়ি ও পায়েস। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত মুগডাল, নারিকেল, বাদামসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। শিশুদের অংশগ্রহণে উৎসবে যোগ হয় বাড়তি আনন্দ। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলা, মোরগ লড়াই, বল পাস, বেলুন ফোটানোসহ নানা গ্রামীণ খেলাধুলা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী, এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সারা বাংলা কৃষক সোসাইটির ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভী পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।

বক্তারা বলেন, নবান্ন উৎসব শুধু নতুন ধান ঘরে তোলার আনন্দ নয়, এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ এ উৎসবে অংশ নিতেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ প্রান্তিক কৃষকের দুঃখ-কষ্ট ভুলিয়ে গ্রামবাংলায় তৈরি করত এক ভিন্ন আবহ। তারা আরও বলেন, আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এ উৎসবের আয়োজন কমে যাচ্ছে। নতুন প্রজন্ম ক্রমেই গ্রামীণ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। পাশাপাশি তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে। নবান্ন উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও নিজস্ব ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করছে। বরিশাল ও রংপুরে আঞ্চলিক কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ও কৃষিভিত্তিক সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে সংগঠনটি বিভিন্ন অঞ্চলে কৃষকদের নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করে আসছে। উৎসবের আনন্দের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষকের আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন বক্তারা। তাঁরা নবান্ন উৎসবকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাচীন এ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে সংগঠনের সদস্যদের সহযোগিতা কামনা করেন। দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে কৃষকদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা নবান্নের ঐতিহ্য আবারও পরিচিতি পাবে এবং কৃষিভিত্তিক সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পাবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved