
ফরিদপুর জেলা প্রতিনিধি –
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাত্র ২ জন সুপারভাইজার নিয়োগের জন্য ৩২ জন প্রার্থী আবেদন করেছেন। লিখিত পরীক্ষা শেষে ১৯ জনকে মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য ডাকা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাইভার জন্য নির্বাচিত ১৯ জনই মাস্টার্স ডিগ্রিধারী।
জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির এ নিয়োগটি প্রায় ৪০ দিনের চুক্তিভিত্তিক। অল্প সময়ের এই অস্থায়ী চাকরির জন্যও উচ্চশিক্ষিত বিপুলসংখ্যক প্রার্থীর আগ্রহ বর্তমান চাকরির বাজারের কঠিন বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, মাস্টার্স পাস তরুণদের একটি বড় অংশ স্থায়ী কর্মসংস্থানের অভাবে স্বল্পমেয়াদি ও অস্থায়ী চাকরির জন্যও প্রতিযোগিতায় নামতে বাধ্য হচ্ছেন। মাত্র দুটি পদের বিপরীতে এতসংখ্যক মেধাবী প্রার্থীর আবেদন দেশের শিক্ষিত বেকারত্বের চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে।
এ বিষয়ে কয়েকজন প্রার্থী জানান, স্থায়ী চাকরির সুযোগ সীমিত হওয়ায় অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতে ভালো সুযোগের আশায় তারা এ ধরনের স্বল্পমেয়াদি নিয়োগেও আবেদন করছেন।
বিশ্লেষকদের মতে, এই চিত্র শুধু চরভদ্রাসনের নয়; বরং দেশের সামগ্রিক কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতিরই একটি প্রতিফলন