
এম জাফরান হারুন::
৮৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাসুম বিল্লাহ গ্রেপ্তার হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত ভোররাত ৪টার দিকে বাউফল উপজেলার বাহির দাসপাড়া গ্রামের ৭ নং ওয়ার্ডে মাসুম বিল্লাহর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানার একটি দল বাউফল থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার মাসুম বিল্লাহকে ঢাকায় নিয়ে যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৮৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। এতে মো. মাসুম বিল্লাহকে ৬ নম্বর আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি উত্তরা পশ্চিম থানায় ৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অপর দুই আসামি এরই মধ্যে গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন। মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় আরও একজন আসামি পুলিশের হেফাজতে গেলেন।
এবিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা বাউফল থানায় এসে অধিযাচনপত্র (রিকুইজিশন) দেন এবং আসামিকে গ্রেপ্তারে সহযোগিতা চান। পরে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। এবং উত্তরা পশ্চিম থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।