
মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে আর্থিক সহায়তা দিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স ম আনোয়ারুল কাদির। প্রতিটি পূজামণ্ডপে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা দেওয়া হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সহায়তার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়।
মঙ্গবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত এক অনুষ্ঠানে লস্কর ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। স ম আনোয়ারুল কাদিরের পক্ষে নগদ অর্থ বিতরণ করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান খোকন এবং লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স ম আনোয়ারুল কাদির। এ সময় ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ যেন সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভাগাভাগি করে নিতে পারেন, সে জন্য পূজামণ্ডপগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়।
স্থানীয়ভাবে দুর্গাপূজা উদ্যাপনে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজামণ্ডপের আয়োজকেরা এ সহায়তা গ্রহণ করেন।