
তপন দাস, নীলফামারী
নীলফামাফরী শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায় একটি পুকুরপাড় থেকে ককটেল বোমাসদৃশ্য চারটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। তবে উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকার আইজুল ইসলামের পুকুরপাড়ে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুগুলোর আকৃতি ও অবস্থান দেখে সেগুলো ককটেল বোমাসদৃশ্য বলে সন্দেহ করেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নীলফামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়। পুকুরপাড়ে পড়ে থাকা বস্তুগুলো কী এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে বস্তুগুলোর প্রকৃত পরিচয় ও এর সঙ্গে কোনো ব্যক্তি বা ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এনপিবিকে বলেন, গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলোর প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলো আসলে কী, তা নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে। এ ঘটনায় কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।