
নিজস্ব প্রতিবেদক:
সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদে এলজিএসপি (LGSP) প্রকল্পের রাস্তা নির্মাণ এবং ট্রেড লাইসেন্স ইস্যুতে লাগামহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো. আফজাল হোসেন।
স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সরকারি অর্থ লুটপাট এবং ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত ফি আদায় এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় ৩০০ মিটার ফ্ল্যাট সলিং রাস্তা নির্মাণের এলজিএসপি প্রকল্পে ব্যাপক অনিয়মের চিত্র ধরা পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে আঁতাত করে রাস্তা নির্মাণে নতুন ইটের পরিবর্তে নিম্নমানের পুরাতন ইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রাস্তার সাইড সোল্ডারে ইটের গাঁথুনিতে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কংক্রিটের মিক্সার ব্যবহার করা হয়নি।
অধিকাংশ স্থানে গাঁথুনি ও সোল্ডারে ফাঁকা জায়গা রয়ে গেছে। ফলে এই রাস্তা নির্মাণের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে এবং সরকারি বরাদ্দের বড় একটি অংশ নয়ছয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, এলজিএসপি প্রকল্পের কাজ তদারকি ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলেও ইউপি সচিব মো. আফজাল হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এই অনিয়মের সুযোগ করে দিয়েছেন।
এদিকে অনুসন্ধানে ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রেও ব্যবসায়ীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য উঠে এসেছে। গোরাট এলাকার মুদি ব্যবসায়ী মো. হেলাল অভিযোগ করেন, তার ৩০০ বর্গফুটের দোকানের ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে জোরপূর্বক ৩ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে কৌশলে তা কমিয়ে ১ শতাংশ ভ্যাট হিসেবে টাকা আদায় করা হয়। একইভাবে আশুলিয়ার জামগড়া নিউ বঙ্গ মার্কেটের নারী ব্যবসায়ী কাজলী বেগমের কাছ থেকেও ট্রেড লাইসেন্স বাবদ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, এসব অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে স্থানীয় কতিপয় গণমাধ্যমকর্মীকে অনৈতিকভাবে ম্যানেজ করার চেষ্টাও চালানো হয়। এর আগেও এই বিতর্কিত ইউপি সচিবের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সচিব মো. আফজাল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। একই বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনিও কোনো বক্তব্য দেননি।
ইউপি সচিবের এমন কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে উঠেছেন ইয়ারপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। দ্রুত জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে নিরপেক্ষ ও কঠোর তদন্তের মাধ্যমে অনিয়মের প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ইউপি সচিব মো. আফজাল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।