
এম জাফরান হারুন::
পাবলিক সার্ভেন্টের দায়িত্বশীল পদে থেকেও জ্ঞাত আয়ের বৈধ উৎসের সাথে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।
দীর্ঘ অনুসন্ধান শেষে তার নামে ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী সূত্রে জানা গেছে, রোববার (২৯/১১/২০২৬) দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।
পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের অনুসন্ধান নথি নং- ০১০/২৫- এর ভিত্তিতে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে এই মামলা রুজু করা হয়েছে। দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য ও প্রমাণ অনুযায়ী, অভিযুক্ত মো. জাহাঙ্গীর কবিরের মোট আয় ছিল ২ কোটি ৯০ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৩৫ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা।
এই হিসাবে ব্যয় বাদে তার বৈধ সঞ্চয় দাঁড়ায় ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬২৩ টাকা। অন্যদিকে অনুসন্ধানে দেখা গেছে, দায়-দেনা ব্যতীত অভিযুক্তের নিজ ভোগদখলে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯৯২ টাকা।
ফলে দায়-দেনা ব্যতীত সম্পদের মোট মূল্য থেকে বৈধ সঞ্চয় বাদ দিলে তার জ্ঞাত আয়বহির্ভূত ও অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকা।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, উক্ত আয়ের স্বপক্ষে অভিযুক্ত ব্যক্তি কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি এবং সম্পদটি তার বৈধ আয় দ্বারা অর্জিত নয়—এমনটি অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। শুধু সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে এই মামলাই নয়; সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী।
পটুয়াখালী এলজিইডিতে একটি অভিযান, পটুয়াখালী সদর ও দুমকিতে ত্রাণসংক্রান্ত অভিযান এবং সর্বশেষ বরগুনার আমতলী পৌরসভার এক প্রকৌশলীকে ঘুষের ১ লাখ টাকাসহ হাতেনাতে আটকের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুদকের এই লাগাতার ও কঠোর পদক্ষেপে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দুদকের এমন সক্রিয়তা ও জিরো টলারেন্স নীতির ফলে ভবিষ্যতে সরকারি শত শত কোটি টাকা লুটপাট ও অপচয় থেকে সাশ্রয় হবে।