
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
নির্বাচন মানেই যেখানে দামী গাড়ির বহর, শত শত কর্মীর স্লোগান আর পোস্টারের সয়লাব, সেখানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে তিনি কোনো আভিজাত্যের ধার ধারেননি; বরং একটি পুরনো বাইসাইকেল আর হাতে একটি হ্যান্ডমাইক নিয়েই লড়ছেন ভোটের ময়দানে।
পেশায় সহকারী শিক্ষক আজিজার রহমান প্রতিদিন খুব ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন। নির্বাচনী এলাকার ধুলোবালি মাখা মেঠোপথ ধরে গ্রাম থেকে গ্রামে গিয়ে তিনি নিজের প্রতীক ‘ঢেঁকি’-তে ভোট প্রার্থনা করছেন। কোনো জাঁকজমক নেই, নেই কোনো ভাড়ায় খাটা কর্মী বাহিনী। মাইকে নিজেই নিজের স্লোগান দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরম মমতায় কথা বলছেন তিনি।
র তার এই প্রচারণার ধরণ ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বলছেন, বর্তমান সময়ে এমন অনাড়ম্বর প্রচারণা বিরল। আজিজার রহমান জানান, জনগণের সেবা করতে বিপুল অর্থের প্রয়োজন নেই, দরকার শুধু স্বচ্ছ নিয়ত আর ভালোবাসা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে অর্থের ঝনঝনানির বিপরীতে আজিজার রহমানের এই ‘বাইসাইকেল বিপ্লব’ কতটা সফল হয়, এখন সেটিই দেখার অপেক্ষায় জেলাবাসী।