
বরগুনা প্রতিনিধি :
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতঘর কুমড়াখালী গ্রামে এক কৃষকের পানের বর ভাঙচুর ও ধ্বংসের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম হাওলাদার দীর্ঘদিনের শ্রম, সময় ও অর্থ বিনিয়োগ করে একটি পানের বর গড়ে তুলেছিলেন। কিন্তু সম্প্রতি স্থানীয় হাকিমের ছেলে রিপনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তার পানের বরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জসিম হাওলাদারের দাবি, হামলায় তার পানের বর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি নিজেকে সর্বস্বান্ত বলে উল্লেখ করেন।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রকাশ্যে এমন হামলা ও সম্পদ ধ্বংসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।