
বেল্লাল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন—এ বিষয়ে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। এ সময় বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রচার বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো সুযোগ না পান, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্কের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।
জবাবে ভারতের হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। পাশাপাশি প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে যথাযথভাবে সচেষ্ট থাকার কথাও জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে দ্বিপক্ষীয় যেকোনো বিষয়ে আলোচনার মাধ্যমেই স্থায়ী ও কার্যকর সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।