
মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের আশ্বাস দেওয়া হয়।