
এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে আলগী খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়বিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার জামে মসজিদের পাশের খালের ঘাট সংলগ্ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। তার সঙ্গে ইট দিয়ে বাঁধা একটি বস্তাও পাওয়া গেছে। যুবকটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হতে পারে বলে ধারণা তাদের। তার পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি। মরদেহটি পচে যাওয়ায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি বলে তারা জানান।
মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ঘাটে অজু করতে এসে তারা খালে কোনো মরদেহ দেখতে পাননি। পরে দুপুরের দিকে স্থানীয় লোকজন ঘাটের পাশে মরদেহটি দেখতে পান। তাদের ধারণা, খালের স্রোতে ভেসে এসে মরদেহটি সেখানে কচুরিপানায় আটকে থাকতে পারে।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত চলমান রয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।