
এম জাফরান হারুন::
পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর, তাঁর গর্ভের সন্তানের মৃত্যু এবং পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাচেষ্টা সহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ সিকদার (২৮) কে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের পুত্র। এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোছাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে। মারধরের একপর্যায়ে আহত গর্ভবতী নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তানের গর্ভপাত হয়। পরে সন্তানটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তার মৃত্যু হয়।
ঘটনার পর দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার’কে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।