
বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলীডে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিন ধরে চলছে টানা বৃষ্টিপাত।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে থেমে থেমে বৃষ্টি চললেও আজ শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে রুপ নেয় মুষলধার বৃষ্টিতে। এতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি বাতাস ও বৃষ্টিতে পাকা ও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে।
আমতলী উপজেলার সোনাউডা গ্রামের কৃষক লতিফ জানান, ‘টানা বৃষ্টিতে আমাদের কৃষিকাজ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে।আমরা কৃষিকাজে জীবিকা নির্বাহ করি।
বৃষ্টির ফলে নিচু জমিতে পানি জমে যাওয়ায় শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কষ্ট ও ধার দেনা করে টাকা খরচ করে জমিতে ফসল আবাদ করেছি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসল নষ্ট হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ব।
উপকূলের জেলে হাসান বলেন, সাগর ও নদী উত্তাল থাকায় নৌকা ও ট্রলার নিয়ে বের হওয়া যাচ্ছে না, ফলে আয় বন্ধ হয়ে গেছে। লোন করে নৌকা জাল গড়েছি, আয় করতে না পারলে কিভাবে কিস্তি পরিশোধ করব।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো:হাফিজুর রহমান জানান,যেকোন দূর্যোগে মোকাবেলায় আমাদের প্রশাসন থেকে সরকারি, বেসরকারি স্বেচ্ছাসেবী ভলান্টািয়ার টিম প্রস্তুত রাখা হয়েছে। সকলকে সচেতনতা,সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে।