
বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ ও উপস্থিতিতে অসুস্থ দুটি গরু জবাই করার অভিযোগ উঠেছে। পরে ওই গরুর মাংস পৌর শহরে বিক্রির জন্য নেওয়া হলে প্রায় ২০০ কেজি মাংস জব্দ করে ধ্বংস করা হয়। এ ঘটনায় কসাইকে ছয় হাজার টাকা জরিমানা করেছে পৌরসভা। গরুর চিকিৎসা, জবাইয়ের পরামর্শ এবং মাংস বাজারজাতের চেষ্টা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামে গরু দুটি জবাই করা হয়। মঙ্গলবার সকালে আমতলী পৌরসভার একে স্কুল এলাকায় মাংস বিক্রির জন্য আনা হলে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. কবির হোসেন তা জব্দ করেন।
গরুর মালিক মো. আমিনুল ইসলাম জানান, তাঁর খামারে আটটি গরু রয়েছে। এর মধ্যে তিনটি বলদ গরু আলাদা করে রাখা ছিল। সোমবার সকালে একটি গরুর শরীরে অস্বাভাবিকভাবে লোম ওঠা ও অন্যান্য লক্ষণ দেখে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর মো. আশিক বাবুকে বিষয়টি জানান। পরে দুপুরে তাঁর নির্দেশে প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মো. আব্দুল আউয়াল খামারে গিয়ে গরুটি পরীক্ষা করেন এবং একটি ব্যবস্থাপত্র দেন।
আমিনুলের অভিযোগ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়ানোর পর গরুটির পেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। বিষয়টি প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হলে তিনি রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান। পরে গরুর অবস্থা খারাপ দেখে জবাই করে মাংস বিক্রির পরামর্শ দেন। তাঁর উপস্থিতিতেই রাত ১২টার দিকে একটি গরু জবাই করা হয়। পরদিন সকালে দ্বিতীয় গরুটিও জবাই করা হয়। গরু দুটির আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা বলে দাবি করেছেন মালিক। এখন আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।
কসাই মাইনুদ্দিন চৌকিদার বলেন, গরু দুটি অসুস্থ হয়ে পড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা জবাই করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর উপস্থিতিতেই দুটি গরু একটি জবাই করা হয় পরে সকালে অন্য গরুটিও জবাই করা হয়েছে। পরে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টরের অনুমতি ছাড়া গ্রামে গরু জবাই করে মাংস শহরে নেওয়ায় তাঁকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর মো. আশিক বাবু। তিনি বলেন, গরু জবাই করার জন্য মালিককে কোনো নির্দেশনা দেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে তিনি রাতে ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে এ ঘটনায় প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসাসেবা ও দায়িত্ব বণ্টন নিয়েও প্রশ্ন উঠেছে। গরুর চিকিৎসার দায়িত্বে থাকা মো. আব্দুল আউয়াল প্রাণী পুষ্টি উন্নয়নে উন্নত ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট হিসেবে কর্মরত। তাঁর দায়িত্বের মধ্যে গরুর চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি রয়েছে কি না এবং কী যোগ্যতার ভিত্তিতে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন জনবল সংকটের কারনে তাকে পাঠানো হয়েছে।
আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন তিনি কসাই মাইনুদ্দিন চৌকিদারকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন। পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাংসগুলো জব্দ করেন। পরে প্রায় ২০০ কেজি মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার পর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী জরিমানা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু মাংস জব্দ ও কসাইকে জরিমানা করেই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত নয়। গরু দুটির চিকিৎসায় কারা দায়িত্ব পালন করেছেন, কী ওষুধ প্রয়োগ করা হয়েছিল, জবাইয়ের পরামর্শ কে দিয়েছেন এবং অসুস্থ পশুর মাংস বাজারজাতের চেষ্টা কীভাবে হলো—এসব বিষয় তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।