
তপন দাস, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে কর্মরত অবস্থায় কাটার মেশিনের দুর্ঘটনায় আজিজার রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের রাবেয়া মোড় এলাকায় অবস্থিত ইকু পেপার মিল লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালদীঘি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তমিজ মেম্বারপাড়া এলাকার বাসিন্দা। তিনি তসলিম উদ্দিনের ছেলে। তাঁর পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইকু পেপার মিলের নাইট ডিউটিতে ছিলেন আজিজার রহমান। দায়িত্ব পালনকালে কাটার সেকশনের একটি কাটার মেশিনের ভেতরে ঢুকে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ভোরে কারখানার কর্মচারীরা তাঁকে উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে কারখানার লোকজন তাঁর মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালদীঘি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তমিজ মেম্বারপাড়ায় পৌঁছে দেন।
নিহতের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে কি না কিংবা এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। ঘটনার পর মিলের মালিকপক্ষের কেউ তাঁদের বাড়িতে যোগাযোগ করেননি বলেও দাবি করেন স্বজনরা। তাঁদের ভাষ্য, কারখানার একজন কর্মচারী এসে শুধু দুর্ঘটনার খবর জানিয়েছেন।
এ বিষয়ে জানতে মিলের মালিক সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি, তবে ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থার জন্য এখনো কেউ অভিযোগ করেনি।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।